পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির অনুমোদিত কমিটিকে ঘিরে সাম্প্রতিক সময়ে সৃষ্ট বিভ্রান্তি ও বিতর্কের প্রেক্ষিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলার অধিকাংশ শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির একটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কমিটিটি কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হলে ৩১ মার্চ ২০২৬ তারিখে তা অনুমোদন লাভ করে।
বক্তারা অভিযোগ করেন, ১০ এপ্রিল ২০২৬ তারিখে নাছের বাবুলের নেতৃত্বে একদল শিক্ষক পৃথকভাবে সংবাদ সম্মেলন করে উক্ত অনুমোদিত কমিটি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন এবং নতুন কমিটি গঠনের ঘোষণা দেন। তারা দাবি করেন, সংশ্লিষ্টদের একাধিকবার বৈঠকে আহ্বান জানানো হলেও তারা উপস্থিত হননি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পূর্বেও নাছের বাবুল একাধিকবার আহ্বায়ক কমিটি ঘোষণা করলেও তা কার্যকর হয়নি। অতীতে বিভিন্ন দায়িত্বে থাকলেও তিনি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ তোলা হয়।।
বক্তারা আরও জানান, বর্তমানে অনুমোদিত কমিটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মূল ধারার অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি ১৯৬২-৬৩ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় কমিটির ধারাবাহিকতায় পরিচালিত হয়ে আসছে বলেও উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনের শেষে আশা প্রকাশ করা হয়, বর্তমান সরকারের সহযোগিতায় পঞ্চগড় জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক কল্যাণে সংগঠনটি ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।


