গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ৯ নং ওয়ার্ড কুদ্দুসনগর এলাকার কাঠালবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, রাসেদুল ইসলাম ও উজ্জ্বল। অভিযানে তাদের কাছ থেকে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কোনাবাড়ী থানার একটি দল কাঠালবাগান এলাকায় রাসেদের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।
এ বিষয়ে রাতে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বড় একটি মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ১২ লাখ এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : মাধবদীতে পৃথক অভিযানে ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


