কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাদকের বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দিন দিন তীব্র হচ্ছে। পৌর শহরের পঞ্চবটি, ঘোড়াকান্দা, জগন্নাথপুর, কমলপুর, ভৈরবপুর, কালিপুরসহ আশপাশের ইউনিয়ন—কালিকাপ্রসাদ, গজারিয়া, শ্রীনগর, শিমুলকান্দি, আগানগর ও শিবপুর এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের প্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্দিষ্ট কিছু স্পটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর এসব এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়। ইয়াবা, গাঁজা ও দেশীয় মদ সহজলভ্য হয়ে পড়ায় তরুণ সমাজ ঝুঁকির মুখে পড়ছে।
একাধিক অভিভাবক উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকের কারণে অনেক তরুণ বিপথে যাচ্ছে। কেউ পড়াশোনা থেকে ছিটকে পড়ছে, আবার কেউ জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এতে পরিবার ও সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “খোলামেলাভাবেই অনেক জায়গায় মাদক বিক্রি হচ্ছে। আমরা দেখেও কিছু বলতে পারি না। প্রশাসনের আরও জোরালো ভূমিকা দরকার।”
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান আকন্দ বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মাদক নির্মূলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”
সচেতন মহল মনে করছেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবারভিত্তিক নজরদারি এবং তরুণদের জন্য ইতিবাচক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
পড়ুন: গ্রিন ঢাকা সিটি গড়তে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
আর/


