জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটি (ইনডোর গেমস)-এর আয়োজনে এবং শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের সহযোগিতায় অষ্টম ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, চলতি বছরের ক্রীড়াপঞ্জি অনুযায়ী নির্ধারিত সকল প্রতিযোগিতা যথাসময়ে সম্পন্ন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই এ ধরনের আয়োজন সার্থকতা লাভ করে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
নারীদের একক ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আইন বিভাগের শিক্ষার্থী সিনহা ইসলাম অর্না বলেন, এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। প্রতিযোগিতার শুরু থেকেই আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। নিয়মিত অনুশীলন, আত্মবিশ্বাস এবং শিক্ষকদের ও সহপাঠীদের অনুপ্রেরণাই আমাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে বড় অর্জন বয়ে আনার স্বপ্ন দেখি। ভবিষ্যতেও আমি আমার দক্ষতা উন্নয়নে কাজ করে যেতে চাই।
এবারের প্রতিযোগিতায় দাবা, ক্যারম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন এই চারটি ইভেন্টে মোট ১৪টি বিভাগে তিনটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় (ছাত্রী) হিসেবে অর্থনীতি বিভাগের মায়িশা তাসনীম মিথিলা এবং সেরা খেলোয়াড় (ছাত্র) হিসেবে যৌথভাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মৃত্যুঞ্জয় বসু আকাশ ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো. শাইখুজ্জাহান রোমেল নির্বাচিত হন। এছাড়া সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে অর্থনীতি বিভাগ সেরা বিভাগের স্বীকৃতি লাভ করে।
ছাত্রদের বিভাগে ব্যাডমিন্টন এককে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো. শাইখুজ্জাহান রোমেল, ব্যাডমিন্টন দ্বৈতে মো. শাইখুজ্জাহান রোমেল ও আল আমিন, টেবিল টেনিস এককে মৃত্যুঞ্জয় বসু আকাশ, টেবিল টেনিস দ্বৈতে মৃত্যুঞ্জয় বসু আকাশ ও তাপস কুমার বিশ্বাস, ক্যারম এককে রবিউল আলম, ক্যারম দ্বৈতে শাওন আহমেদ ও শফিকুল ইসলাম এবং দাবা এককে ফার্মেসি বিভাগের মো. সামিউল ইসলাম চ্যাম্পিয়ন হন।
অন্যদিকে, ছাত্রীদের বিভাগে ব্যাডমিন্টন এককে আইন বিভাগের সিনহা ইসলাম চ্যাম্পিয়ন হন। এছাড়া বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
পড়ুন : জকসুর ক্রিড়া সম্পাদককে জনসম্মুখে থাপ্পর মারলের সাবেক ছাত্রলীগ কর্মী


