মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আকবার হোসেন (৬০) কে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। বুধবার (২৯ এপ্রিল) বিকালে মাগুরা-নড়াইল প্রধান সড়কের ভাংগুড়া নামক স্থানে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। আহত অবস্থায় আকবার হোসেনকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আকবার হোসেনের বাড়ি বেরইল পলিতা ইউনিয়নের ডহর সিংড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকবার হোসেন এলাকায় স্থানীয় মেম্বার হিসেবে অনেক আগে দায়িত্বে ছিলেন। এখন তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার বিকালে গঙ্গারামপুর বাজার থেকে পলিতা বাজারে আসার পথে অতর্কিত হামলা করে এলোপাথারি কুপিয়েছে দূর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শুভঙ্কর রায় জানান, আকবার হোসেনের উপর হামলার খবর শুনে ঘটনাস্থলে যান তারা। বুধবার সন্ধ্যার আগে স্থানীয় বাজার থেকে বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে মাগুরা নড়াইল সড়কের ভাংগুড়া নামক স্থানের রাস্তার পাশে ফাঁকা জায়গায় হঠাৎ তার উপর হামলা চালায় কে বা কারা। তাকে কুপিয়ে আহত করা হয়েছে। হামলার স্থানে রক্তের দাগ দেখা গেছে। এঘটনার সঙ্গে জড়িতদের খোজা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে বুধবার তাকে কি কারণে মেরে আহত করা হয়েছে এবিষয়ে কিছু জানানো হয়নি।
জানা গেছে, কয়েক বছর আগে আহত আকবর হোসেনের বড় ছেলেকে পলিতা বাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। আকবর হোসেনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পড়ুন : মাগুরায় চাঞ্চল্যকর পবন হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


