জামালপুরের ইসলামপুর উপজেলায় ডোবার পানিতে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসতে দেখা গেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন একটি ডোবায় বিভিন্ন ধরনের সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে ভাসছে। এ দৃশ্যের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রথম তারা ডোবায় ওষুধ ভাসতে দেখেন। তাদের অভিযোগ, কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্যসেবা পাওয়া যায় না এবং অধিকাংশ সময় সেটি বন্ধ থাকে। খোলা থাকলেও রোগীদের প্রায়ই জানানো হয়, ওষুধ নেই।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “ডোবায় এত ওষুধ ফেলা হচ্ছে, অথচ আমরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও ওষুধ পাই না। সময়মতো এসব ওষুধ বিতরণ করা হলে এলাকার মানুষ উপকৃত হতো।”
স্থানীয়দের ধারণা, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে ওষুধগুলো ফেলে দেওয়া হয়েছে। তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে ফেলে দেওয়াকে তারা গুরুতর অবহেলা হিসেবে দেখছেন।
ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে দাবি করেছেন।
এদিকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও উঠেছে।
পড়ুন : কলমাকান্দায় বাঁধ ভেঙে হাওরে পানি, তলিয়ে যাচ্ছে কৃষকের সোনালি ধান


