ঝিনাইদহে অভিযান চালিয়ে ৭ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ক্রিস্টাল আইস উদ্ধার করেছে র্যাব। জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চমাত্রার মাদক এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে র্যাব-৬।
শনিবার (২ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
র্যাব জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ক্রিস্টাল আইস এক ধরণের উচ্চমাত্রার মাদক হিসেবে ব্যবহৃত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা।
র্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর হতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো: ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : ঝিনাইদহে দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ


