কিশোরগঞ্জের ভৈরবে সাত মাস বয়সী শিশু তানভীর আহমেদ মুজাহিদ হত্যা মামলার প্রধান আসামি ও শিশুটির বাবা মেরাজ মিয়া (২৫) অবশেষে গ্রেফতার হয়েছেন। ঘটনার ১৬ দিন পর শনিবার (২ মে) দুপুরে উপজেলার মানিকদী পূর্বকান্দা এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সূত্র জানায়, ঘটনার পর থেকেই জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করা সম্ভব হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ মিয়া নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরেই এ নির্মম ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যান মেরাজ মিয়া। পরে তিনি দাবি করেন, শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। নিখোঁজের সাত দিন পর, ২৩ এপ্রিল সকালে স্থানীয় একটি বিলের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির মা তাসলিমা বেগম বাদী হয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তীতে আরও তথ্য জানাবে বলে জানিয়েছে।
পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান
ইমি/


