বাংলাদেশ সফরে এসে দারুণ সাফল্য পেলো শ্রীলঙ্কার মেয়েরা। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল তারা। এরপর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছিল লঙ্কানরা। এবার শেষ ওভারের রোমাঞ্চে টাইগ্রেসদের হোয়াইটওয়াশ করল সফরকারীরা।
শনিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩ রানের জন্য হেরে গেছে বাংলাদেশ। বৃষ্টিতে ৯ ওভারের পরিণত ম্যাচে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৮৭ রান জমা করে শ্রীলঙ্কার মেয়েরা। লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশ।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের ওপর চড়াও হয় দুই লঙ্কান ওপেনার চামারি আতাপাত্তু আর ইমেশা দুলহানি। তৃতীয় ওভারে টানা চারটি চার হজম করেন মারুফা আক্তার। তার আগের ওভারে ফারিহা তৃষ্ণা এক ছয়-চারে দেন ১৬ রান।
চতুর্থ ওভারে সুলতানা খাতুন ভাঙেন ৪৩ রানের উদ্বোধনী জুটি। ১০ বলে ১৯ রান করে ইমেশা ফিরলে ভাঙে সেই জুটি। পরের দুই ওভারে বাংলাদেশ আরও তিন উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছিল। কিন্তু ৫৩ রানে চার উইকেট হারানোর পর আবারও জ্বলে ওঠে শ্রীলঙ্কার ব্যাটাররা।
বিশেষ করে চামারি আতাপাত্তু ও কাভিশা দিলহারি চার-ছয়ে রানের গতি বাড়ান। শেষ তিন ওভারে ৩৪ রান তোলেন তারা দুজনে মিলে। দিলহারি ৭ বলে ১৫ রান ও চামারি ২৭ বলে ৪১ রানে থামেন। তাদের স্কোরবোর্ডে জমা পড়ে ৬ উইকেটে ৮৭ রান। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন সর্বোচ্চ তিন উইকেট নেন।
৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ দুই বলে চার মেরে ১২ রান তোলেন দিলারা আক্তার। পরের ওভারে তিনি মাঠ ছাড়েন। এরপর সতর্ক ব্যাটিং আর সুযোগ বুঝে বাউন্ডারি মেরে রানের চাকা সচল রাখে স্বাগতিকরা। কিন্তু শেষের আগের ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ।
শেষ ওভারে দরকার পড়ে ১৪ রান। প্রথম বলে নিগার সুলতানা আউট হন। সুলতানা খাতুন পরের দুটি বলে ডাবলস নেন এবং চতুর্থ বলে চার মেরে উত্তেজনা বাড়ান। কিন্তু শেষ দুটি বলে প্রয়োজনীয় ৬ রান নিতে পারেননি তিনি। সিঙ্গেলস নেন শারমিন। তাতে ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করেন জুয়াইরিয়া ফেরদৌস (১৫) ও নিগার (১৩)।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

