বৃক্ষরোপণ, আলোচনা সভা ও এতিম শিশুদের সঙ্গে কেক কাটার মধ্য দিয়ে বরগুনায় উদযাপিত হয়েছে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার (২ মে) বিকাল ৫টায় বরগুনা সরকারি শিশু পরিবার মিলনায়তনে অর্ধশতাধিক এতিম শিশুর অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশ রূপান্তর বরগুনা জেলা প্রতিনিধি সুমন সিকদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হেমায়েত উদ্দিন, বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক সেলিনা পারভিন, বরগুনা জেলা সাংবাদিক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপ্ন, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন এবং শিশু পরিবারের সহকারী শিক্ষক আমীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক পরিষদের সহ-সভাপতি মনোতোষ হাওলাদার।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ রূপান্তর বস্তুনিষ্ঠ, সাহসী ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সত্য প্রকাশে আপসহীন অবস্থান, অনুসন্ধানী প্রতিবেদন এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরার কারণে পত্রিকাটি অল্প সময়েই পাঠকমহলে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছে।
তারা আরও বলেন, গণমাধ্যমের এই চ্যালেঞ্জপূর্ণ সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ রূপান্তর সমাজের অসংগতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি উন্নয়ন, সম্ভাবনা ও ইতিবাচক উদ্যোগের সংবাদ প্রকাশ করে দেশজুড়ে আশার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
বক্তারা আশা প্রকাশ করেন, আগামীতেও দেশ রূপান্তর সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রেখে দেশ ও মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে এবং ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।
শেষে দেশ রূপান্তর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করা হয়।
আলোচনা সভা শেষে এতিম শিশুরা কেক কেটে পত্রিকাটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। পরে শিশু পরিবারের প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণ করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

