চট্টগ্রামের আনোয়ারায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর শনিবার (২ মে) সকালে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় মামলাটি রুজু করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরের মধ্যে দুই দফায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী তরুণী ওই সময় তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
এজাহারে আরও বলা হয়, রাতের দিকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথম অভিযুক্ত তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে যায়। পরে সেখানে তাকে নির্যাতনের অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ভুক্তভোগীকে পাশের একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয় বলে এজাহারে বলা হয়েছে।
পরদিন সকালে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে তার মা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পড়ুন : পটিয়ায় বিশ্বব্যাংকের প্রকল্পে অনিয়ম: বৃষ্টিতে ঢালাই, নেই নজরদারি


