চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রেম বাজার এলাকায় একটি যাত্রীবাহী এসি বাস আটকে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। রোববার (৩ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকা থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে এস আর পরিবহনের একটি এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি বাঁশখালীর প্রেম বাজার এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি এর গতিরোধ করে। তারা নিজেদের মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোক পরিচয় দিয়ে বাসটি ওই রুটে চলতে পারবে না বলে জানায়।
এরপর বাসের ভেতরে থাকা যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়া হয়। আকস্মিক এ ঘটনায় যাত্রীরা মালামালসহ তড়িঘড়ি করে সড়কে নেমে যেতে বাধ্য হন। তীব্র গরমের মধ্যে মাঝপথে নামিয়ে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন তারা।
বাসের যাত্রী রাকিব বলেন, “আমরা কিছু বুঝে ওঠার আগেই প্রেম বাজার এলাকায় গাড়ি থামিয়ে আমাদের নামিয়ে দেওয়া হয়। এই গরমে ব্যাগ–লাগেজ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। পরে অনেক কষ্টে লোকাল সিএনজি ও ছোট গাড়িতে করে চট্টগ্রামে পৌঁছেছি।”
তিনি আরও জানান, পেকুয়া থেকে চট্টগ্রাম রুটে এসি বাসের ভাড়া মাত্র ২০০ টাকা হওয়ায় স্বল্প খরচে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুযোগ ছিল। কিন্তু মাঝপথে এমন হয়রানির ঘটনায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের পূর্ব অনুমতি ছাড়া এই রুটে এসি বাস চালানো হয়েছে। অনুমতি ছাড়া কোনো গাড়ি চলতে দেওয়া হবে না—এমন অবস্থানের কারণেই বাসটি আটকে দেওয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটিকে পেকুয়া অভিমুখে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় পেকুয়া–চট্টগ্রাম রুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পড়ুন : মিরসরাইয়ে ৩০ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোগান্তিতে ১০ হাজার পরিবার


