কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে লাগা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে অন্তত আটটি দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ এক কোটির কাছাকাছি হলেও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে ছয়টি জুতার দোকান, একটি ওষুধের দোকান এবং একটি উপহারসামগ্রীর দোকান। ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাদশা মিয়া জানান, তার ‘ভাই ভাই সুজ’ দোকানে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিল। রাত সোয়া ১১টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানান ‘পায়ে পায়ে সুজ’-এর মালিক মুক্তার হোসেন। তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় তার দোকানের প্রায় ২০ লাখ টাকার পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে।
অন্যদিকে ‘সাধনা মেডিকেল’-এর মালিক বিপুল চন্দ্র দাস জানান, তার দোকানে প্রায় ৮ লাখ টাকার ওষুধ ছিল, যার মধ্যে প্রায় ৬ লাখ টাকার ওষুধ আগুনে নষ্ট হয়েছে। কিছু পণ্য রক্ষা করা সম্ভব হয়েছে।
বাজিতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, রাত ১১টা ১৫ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৮০ লাখ টাকা হলেও প্রায় তিন কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পড়ুন : শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : তদন্তে ঢাকাতেই ৩২ জনের প্রাণহানির তথ্য


