পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একবারই চ্যাম্পিয়ন হয়েছিল পেশোয়ার জালমি। সেটাও ৯ বছর আগে, ২০১৭ সালের আসরে। পরে আরও তিন আসরে ফাইনালে উঠলেও আর শিরোপা ছোঁয়া হয়নি ফ্র্যাঞ্চাইজিটির। অবশেষে পিএসএলের ১১তম আসরে এসে দীর্ঘদিনের ট্রফিখরা কাটাল বাবর আজমের দল।
নবাগত ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল পেশোয়ার জালমি। এ দলেই খেলেছেন বাংলাদেশি নাহিদ রানা।
লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন সাইয়ুম। নাহিদ রানা ২২ রানে শিকার করেছেন দুই উইকেট।
শুরুতেই সাজঘরে ফেরেন মাজ সাদাকাত। ৬ বলে ১১ রান করে ভালো শুরুর ইঙ্গিত দলেও উইকেটে থিতু হতে পারেননি তিনি। আরেক ওপেনার ল্যাবুশেন করেছেন ১২ বলে ২০।
তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাইয়ুম। ৪২ বলে করেছেন ব্যক্তিগত ফিফটি। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ফলে এক প্রান্তে সাইয়ুম দারুণ ব্যাটিং করলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। ফলে ১২৯ রানেই থেমেছে হায়দরাবাদের ইনিংস।
পেশোয়ারের হয়ে ২৭ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার অ্যারন হার্ডি। এ ছাড়া নাহিদ রানা ২ টি, মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট শিকার করেছেন।


