যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি ও শান্তি উদ্যোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা শুরু করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের পাঠানো নতুন শান্তি প্রস্তাব বর্তমানে গভীরভাবে মূল্যায়ন করা হচ্ছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বার্তা তেহরানে পৌঁছেছে এবং সংশ্লিষ্ট প্রস্তাব এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের বার্তা আমরা পেয়েছি। তবে বিষয়গুলো এখনো পর্যালোচনাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়।”
বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বরাবরের মতো অতিরিক্ত ও অযৌক্তিক দাবি উপস্থাপন করেছে, যার ফলে প্রস্তাবটি সহজে গ্রহণযোগ্য নয়।
তার ভাষ্য, “ওয়াশিংটনের অতিরঞ্জিত ও অযৌক্তিক দাবির কারণে প্রস্তাবটি মূল্যায়ন করা জটিল হয়ে উঠেছে।”
ইরানের পারমাণবিক কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে আলোচনা চলছে, তা অধিকাংশই অনুমাননির্ভর বলেও মন্তব্য করেন তিনি।
বাঘাই স্পষ্ট করে বলেন, বর্তমানে ইরানের প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করা। যুদ্ধ বন্ধ হওয়ার পর ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ ও অন্যান্য নীতিগত সিদ্ধান্ত নির্ধারণ করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

