সীমান্তবর্তী জেলা নেত্রকোনায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার (৪ মে) জেলার পূর্বধলা থানা এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস অবৈধ ভারতীয় কম্বলসহ দুজন নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুই নারীর বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্বধলা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের এক নারী যাত্রীর হেফাজত থেকে ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।
আটককৃত নারীর নাম মনোয়ারা বেগম (৫০)। তিনি নেত্রকোনার দুর্গাপুর থানার দুর্গাপুর দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিনের স্ত্রী। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এসব ভারতীয় পণ্য তিনি অন্যত্র পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
একই দিনে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে দুপুর ১২টা ৫ মিনিটের দিকে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে তদন্ত কেন্দ্রের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালান।
এ সময় সন্দেহভাজন হিসেবে দেলোয়ারা আক্তার সাথী (৩০) নামের আরেক নারীকে আটক করা হয়। তল্লাশি করে তার হেফাজত থেকেও ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করে পুলিশ। আটককৃত দেলোয়ারা আক্তার সাথী দুর্গাপুর থানার পুলিশ মোড় এলাকার মৃত মফিজ উদ্দিনের মেয়ে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত দুই নারীই জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধ চোরাচালান চক্রের হয়ে বাহক হিসেবে কাজ করছিলেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, চোরাচালান রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। পৃথক দুটি অভিযানে জব্দকৃত ২০ পিস ভারতীয় কম্বল এবং আটক দুই নারীর বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ দুটি ঘটনায় পূর্বধলা থানায় পৃথকভাবে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ চোরাচালানের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পড়ুন:দিনাজপুরে বীরগঞ্জে নদী ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর?
ইমি/


