ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। উপস্থিতিও কমে গেছে উল্লেখযোগ্যভাবে।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠজুড়ে হাঁটুসমান পানি জমে আছে। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের কাছে এসেও পানির কারণে ফিরে যাচ্ছে। ফলে সকাল ও দুপুর—দুই শিফটেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের পাশে আগে একটি খাল ও পুকুর ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব জলাশয় ভরাট হয়ে গেছে। এতে বৃষ্টির পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে পড়ে। ফলে অল্প বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি জমে থাকে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকেই মাঠে পানি জমতে শুরু করে। পরে তা বাড়তে বাড়তে হাঁটুসমান হয়ে যায়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া ব্যাহত হচ্ছে। বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
তিনি আরও বলেন, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়াই এ সমস্যার মূল কারণ। খাল ও পুকুর ভরাট করায় এখন এর খেসারত দিতে হচ্ছে।
এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
পড়ুন:দিনাজপুরে বীরগঞ্জে নদী ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর?
ইমি/


