নারায়ণগঞ্জের ফতুল্লায় বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় র্যাবের উপর হামলা করা হয়েছে। এতে ৩ জন র্যাব সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে তারমধ্যে এক সদস্য গুরুতর হওয়ায় তাকে ঢাকায় আনা হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এই ঘটনা ঘটে।
এসময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এস আই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। সেই সাথে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
এদিকে মুঠোফোনে এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।”
পড়ুন: শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর


