কিশোরগঞ্জ জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। কোনো প্রকার অনিয়ম বা তদবির ছাড়া মাত্র ৫৬ টাকা খরচ করে চাকরি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উত্তীর্ণ প্রার্থীরা।
এবারের নিয়োগ পরীক্ষায় কিশোরগঞ্জ জেলা থেকে মোট ১৯৬৭ জন প্রার্থী আবেদন করেছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে নিয়োগ প্রক্রিয়ার ধাপগুলো ছিল নিম্নরূপ। প্রাথমিক অংশগ্রহণ ১৩৩৫ জন প্রার্থী শারীরিক মাপ ও দক্ষতা পরীক্ষায় অংশ নেন।
লিখিত পরীক্ষা বিভিন্ন ধাপ পেরিয়ে ৪১৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৫ জন প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে ৫৫ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।
অপেক্ষমান তালিকা মূল তালিকার পাশাপাশি ১০ জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান । এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, এবং অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।
ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। কয়েকজন সফল প্রার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, বর্তমান সময়ে সরকারি চাকরি মানেই যখন মোটা অঙ্কের লেনদেন বা তদবিরের গুঞ্জন শোনা যায়, সেখানে মাত্র ৫৬ টাকা আবেদন ফি দিয়ে পুলিশের চাকরি পাওয়া তাদের কাছে স্বপ্নের মতো। মেধা ও যোগ্যতার মূল্যায়ন করায় তারা জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে আমরা যোগ্য প্রার্থী নির্বাচন করেছি। কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে না পড়ে মেধাবীরা আজ বাংলাদেশ পুলিশে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি, এই নবীন পুলিশ সদস্যরা দেশ ও জাতির সেবায় সততার সাথে কাজ করবে।
উল্লেখ্য যে, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাইয়ের এই উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
পড়ুন:নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা, আটক ৫ জনকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
দেখুন:বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |
ইমি/


