শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভূঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ভূঁইয়া ওই এলাকার সেকেন্দার ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানাখান এলাকায় একটি কবরস্থানের জমি নিয়ে একই এলাকার জয়দুল ঢালী ও আনোয়ার ভূঁইয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বুধবার সন্ধ্যায় এ বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জয়দুল ঢালী লাঠি দিয়ে আনোয়ার ভূঁইয়ার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা অভিযুক্ত জয়দুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : কিস্তির টাকা উত্তোলনে অসম্মতি, স্বামীর হাতে স্ত্রী খুন


