চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স সিন্ডিকেট, দালালদের দৌরাত্ম্য এবং ডেলিভারি রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর অভিযোগে নাগরিক টিভিতে গত ৫ মে সংবাদ প্রকাশের পর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে আসেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
বৃহস্পতিবার দুপুরে তিনি সরেজমীনে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অসঙ্গতি ও অব্যবস্থাপনা তার নজরে আসে। এ সময় তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। কয়েকজন রোগী ও স্বজন চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষের কথাও জানান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমপি এনামুল হক এনাম বলেন, “পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নার্স সিন্ডিকেট, দালালচক্র এবং হাসপাতালে দীর্ঘদিন ধরে চলে আসা নানা অনিয়মের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা। সেখানে রোগীদের হয়রানি কিংবা প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য করার মতো অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এসময় হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন:আখাউড়ায় যৌতুকের দাবিতে চুল কেটে নির্যাতন সেই স্বামী গ্রেপ্তার
দেখুন:বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |
ইমি/


