হরমুজ প্রণালিতে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানি বাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সেন্টকম জানিয়েছে, তাদের নৌবাহিনীর ওপর ইরানের ‘উসকানিমূলক’ হামলার জবাবে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।
সেন্টকমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তিনটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার— USS Truxtun, USS Rafael Peralta এবং USS Mason হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের বাহিনী হামলাগুলো প্রতিহত করার পর পাল্টা জবাব দেয়। তবে এ ঘটনায় কোনো যুদ্ধজাহাজ বা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, সামরিক কমান্ড সেন্টার এবং গোয়েন্দা নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিতে চায় না। তবে নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়া হবে।
পড়ুন: আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী
আর/


