রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিবেশগত উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের জন্য ২৪টি অটোমেটেড ইমার্জেন্সি রেসপন্স মনিটরিং সিস্টেম (এইআরএমএস) সেন্টার স্থাপন করা হয়েছে। এসব সেন্টারের মাধ্যমে প্ল্যান্ট সংলগ্ন এলাকার বাতাস, ঘাস, দুধ, সবজি, মাটি ও পানির মান নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে বিকিরণের মাত্রাও পরিমাপ করা হবে।
এইআরএমএসের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকার পরিবেশগত তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এর একটি নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে প্ল্যান্টের সুরক্ষিত এলাকা গ্রিন সিটিতে। কড়া নিরাপত্তা বিধিনিষেধের মধ্যেও চ্যানেল ২৪-এর প্রতিনিধি এই কক্ষের কার্যক্রম পরিদর্শনের সুযোগ পেয়েছে।
রূপপুর প্রকল্পের সাবেক পরিচালক ড. শৌকত আকবরের অনুরোধে নির্মাণ সহায়তাকারী দেশ রাশিয়া বিনামূল্যে এই সিস্টেম তৈরি করে দিয়েছে।
গত ১০ বছরে প্রকল্প এলাকার বাতাসের মান, ঘাস, সবজি, দুধ, মাটি ও পানির বিভিন্ন পরিবেশগত উপাত্ত এই কেন্দ্র সংগ্রহ করেছে। বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর বিকিরণের মাত্রা ও অন্যান্য পরিবেশগত উপাত্তে কোনো পরিবর্তন হচ্ছে কি না, তা এই কেন্দ্রের বিশ্লেষণের মাধ্যমে জানা যাবে।
একজন বিশেষজ্ঞ জানান, রূপপুরে কোনো দুর্ঘটনা বা এক্সপোজারের কারণে রেডিয়েশন ছড়িয়ে পড়লে এই সিস্টেমের মাধ্যমে অতিরিক্ত বিকিরণের উপস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
এ ছাড়া, নির্দিষ্ট সময় পরপর এসব তথ্য সাধারণ মানুষের কাছেও প্রকাশ করা হবে। কেন্দ্রটিতে কর্মরতদের জন্য রেডিয়েশন বা বিকিরণ পরিমাপের বিশেষ যন্ত্রও স্থাপন করা হয়েছে।
পড়ুন: ঈদুল আজহা: আজ থেকে অনলাইন-কাউন্টারে বাসের আগাম টিকিট বিক্রি শুরু
আর/


