বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিতে যদি বাস্তবায়নের সময় দেশের স্বার্থবিরোধী কোনো ধারা দেখা যায়, তাহলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে।
শুক্রবার (৮ মে) সিলেট-এর বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুটি রাষ্ট্রের মধ্যে চুক্তি সহজে পরিবর্তন করা যায় না, কারণ এতে উভয় পক্ষের স্বার্থ ও বিভিন্ন ধারা জড়িত থাকে। কোনো আন্তর্জাতিক চুক্তিতে “উইন-উইন” পরিস্থিতি থাকে বলেই তা কার্যকর হয়। তবে বাস্তবায়নের সময় দেশের স্বার্থের পরিপন্থি কিছু সামনে এলে সংশোধনের সুযোগ রাখা হয়েছে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম তুলনামূলকভাবে অল্প বেড়েছে এবং এর প্রভাব সাময়িক। তার ভাষায়, এটি “ওয়ানটাইম স্পাইক”, যা দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতিতে রূপ নেবে না। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে পণ্যের দাম খুব বেশি বাড়ার কথা নয় বলেও তিনি মন্তব্য করেন।
এ ছাড়া তিনি সতর্ক করে বলেন, কেউ যদি অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ায়, তাহলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি
আর/


