চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ আশিয়ায় ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সভায় মাহফিলকে সুশৃঙ্খল ও সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু তালেব মঈনী সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আমিন টিটু।
এতে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা আলহাজ্ব এম সাইফুদ্দিন, আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী, আলহাজ্ব সেলিম মোস্তফা, মুহাম্মদ জসিম উদ্দিন, মিডিয়া সচিব সাংবাদিক কাউছার আলম, আবুল কাশেম, শাহাদাত হোসাইন, কাজী আবদুল মুবিন, জয়নাল আবেদীন মেম্বার, আবদুল করিম, নুরুল আবছার, নাছির উদ্দীন, জিয়া উদ্দিন বাবলু, নাছির উদ্দীন শুক্কুর, রাশেদুল আলম কাদেরী, আলা উদ্দিন, শহিদুল ইসলাম ইবনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, কারবালার আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য সত্য ও ন্যায়ের অনন্য শিক্ষা। সেই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রতি বছরের মতো এবারও দক্ষিণ আশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহফিল আয়োজন করা হবে। মাহফিল মুসলিম উম্মাহর ঈমানি চেতনা ও ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে বক্তারা অপচয় কমিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাহফিলের ঐতিহ্য ও আধ্যাত্মিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তারা।
মাহফিল পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মাহফিলের প্রায় ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ওয়ায়েজিনদের তালিকা, অতিথি আপ্যায়ন, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন উপ-কমিটি কাজ করছে। ব্যয় সংকোচনের মধ্যেও মাহফিলের মর্যাদা অটুট রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।
সভা শেষে মাহফিল সফলভাবে সম্পন্ন করতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
পড়ুন : ফ্যাসিস্ট আমলে খেলাধুলাকে নির্বাসনে পাঠানো হয়েছিলো: সাখাওয়াত হোসেন খান


