চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বনপুকুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ফোর সিজন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বদিউল আলমের স্ত্রী রেহেনা বেগম(৬০), ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর এলাকার চান আলীর ছেলে নাইমুল ইসলাম জিহান, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নাঈমুল ইসলাম এবং ভোলা জেলার মনির আহমদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাস দুটি সড়কের পাশে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা গুরুত্বপূর্ণ এ মহাসড়কে মারসা পরিবহনের সব গাড়ি চলাচল বন্ধ করে দেয়।


