সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে উত্তপ্ত সংসদ

সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেয়া, দলীয় নেতাদের পরিবারের সদস্যদের প্রাধান্য এবং অর্থের বিনিময়ে ডিও (ডিমান্ড অব ইনফরমেশন) দেয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলের সদস্যরা। এসব অভিযোগের বিষয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশীদের দেয়া বক্তব্যে সন্তুষ্ট হতে না পেরে তারা সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ ও হইচই শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের একাধিকবার হস্তক্ষেপ করতে হয়।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সারের ডিলার নিয়োগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম তুলে ধরে তিনি নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ করেন। একই সঙ্গে বর্তমান নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান।

সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে সারের ডিলার নিয়োগ নিয়ে প্রকাশিত খবরে সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রীর ডিলারশিপ পাওয়ার তথ্য উঠে এসেছে। ঠাকুরগাঁওয়ে ৩১ জন সারের ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির বলে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন কোনো না কোনো নেতার স্ত্রী, সন্তান কিংবা ভাগনি বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় এক সংসদ সদস্যের সন্তানের নাম এসেছে এবং সেই সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

হাসনাত আবদুল্লাহর অভিযোগ, সারা দেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক উৎসব হয়েছে। কোথাও কোথাও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বিএনপির অতীত অবস্থানের সঙ্গে বর্তমান সরকারের কার্যক্রমের তুলনা করেন। তিনি বলেন, ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধীদলীয় আসনের দায়িত্ব দেয়ার ব্যবস্থাকে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসাংবিধানিক বলেছিলেন। অথচ বর্তমানে বিএনপি সরকার এমন একটি ব্যবস্থা চালু করেছে, যার পক্ষে কোনো নিয়ম বা বিধি নেই বলে অভিযোগ করেন তিনি।

কৃষিমন্ত্রীর কাছে হাসনাত জানতে চান, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে কি না এবং সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নেরা ডিলারশিপ পেয়েছেন কি না। আগের আওয়ামী লীগ সরকারের সময়ে সারের ডিলার নিয়োগের যে নিয়ম করা হয়েছিল, সেটির মাধ্যমে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবারও সুযোগ পান, মন্ত্রণালয় সে ব্যবস্থা করেছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

এ ছাড়া বর্তমান ডিলার নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, তা জানতে চান হাসনাত। সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা দেয়ার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, একজন সংসদ সদস্য নিজে জনপ্রতিনিধি হওয়ার পর তার ছেলে, স্ত্রী ও ভাগ্নেও ব্যবসায়ী হয়ে সুবিধা নেবেন, দেশের এই রাজনৈতিক সংস্কৃতি কবে বন্ধ হবে, তা তিনি মন্ত্রীর কাছে সুনির্দিষ্টভাবে জানতে চান।

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে উৎসব হওয়ার কথা বলেছেন। তারা চান, এটি উৎসবের মতো হোক এবং মানুষ উৎসবের মতো করে অংশ নিক। উৎসব শব্দটিকে তিনি ইতিবাচক অর্থে দেখছেন বলেও জানান। তবে শব্দটিকে নেতিবাচকভাবে বিবেচনা করলে বিষয়টি ভিন্ন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রীর এই বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা সংসদে হইচই শুরু করেন। তাদের প্রতিবাদের মুখে কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। সংসদ সদস্যরা নিজেদের মধ্যে কথা বললে তার বক্তব্য দিতে অসুবিধা হয়। তাই তিনি বক্তব্য দেয়ার সময় কেউ যেন সাইড টক না করেন, সেই অনুরোধ জানান।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, তার উত্তর কারও অপছন্দ হলে আরও একটি প্রশ্ন করা যেতে পারে এবং তিনি আবারও জবাব দেবেন। এতে কোনো অসুবিধা নেই।

সারের ডিলার নিয়োগপ্রক্রিয়ার ব্যাখ্যা দিতে গিয়ে কৃষিমন্ত্রী জানান, জেলা ও উপজেলা পর্যায়ে এ নিয়োগের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত কিছু নিয়মনীতি অনুসরণ করে আবেদন আহ্বান করা হয়েছে। তবে তার এ বক্তব্যের পরও বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ অব্যাহত রাখেন।

মন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায় থেকে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। জেলায় গঠিত কমিটিতে এলাকার সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে। এ বক্তব্যের সময়ও বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে হইচই শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধীদলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। বিরোধী দলের সদস্যদের আসনে বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদ সদস্য প্রশ্ন করেছেন এবং মন্ত্রী তার উত্তর দিচ্ছেন। উত্তরে সন্তুষ্ট না হলে আরও একটি প্রশ্ন করার সুযোগ রয়েছে। কিন্তু এভাবে হইচই করে পরিস্থিতি উত্তপ্ত করার প্রয়োজন নেই। সবাইকে ধৈর্য ধরে মন্ত্রীর বক্তব্য শোনার আহ্বান জানান তিনি।

সরকারি দলের একাধিক সদস্যকেও বিরোধী দলের সদস্যদের আসনে বসার অনুরোধ করতে দেখা যায়। ডেপুটি স্পিকার কৃষিমন্ত্রীকে তার বক্তব্য চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং বিরোধী দলের সদস্যদের দাঁড়িয়ে না থেকে বসার অনুরোধ জানান।

বিরোধীদের প্রতিবাদের মধ্যেই কৃষিমন্ত্রী নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপের ব্যাখ্যা দেন। তিনি বলেন, আবেদন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এরপর মন্ত্রণালয় থেকে ডিলার নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি কোনো একজন ব্যক্তির স্বাক্ষরে সম্পন্ন হয়নি বলেও জানান তিনি।

তবে মন্ত্রীর এ ব্যাখ্যাতেও বিরোধী দলের সদস্যদের অসন্তোষ কাটেনি। তারা হইচই অব্যাহত রাখেন এবং কয়েকজন সদস্য দাঁড়িয়ে ফ্লোর চেয়ে কথা বলার চেষ্টা করেন।

এ পর্যায়ে বিরোধী দলের অভিযোগের জবাব দিতে বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা ডিও দিয়েছেন। কিন্তু এ তথ্য সঠিক নয়। এ ধরনের অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন অথবা লিখিতভাবে অভিযোগ জমা দিতে পারেন।

চিফ হুইপ আরও বলেন, অভিযোগের প্রমাণ না থাকলে এ ধরনের অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করতে হবে।

তবে চিফ হুইপের বক্তব্যের পরও বিরোধী দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে ফ্লোর চেয়ে প্রতিবাদ জানাতে থাকেন। এ অবস্থায় স্পিকার কাউকে কথা বলার সুযোগ না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান। এতে বিরোধী দলের সদস্যরা আবারও হইচই করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনও বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন