খুলনায় র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির অভিযানে কুখ্যাত ‘বি কোম্পানির’ চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বটিয়াঘাটা থানার দ্বীন ইসলাম ওরফে দীনু (৩২), খুলনা সদর থানার হাসিব হাওলাদার (২৬) ও আবিদ হাসান ওরফে আবুজার (২৯) এবং সোনাডাঙ্গা থানার মো. রাসেল (২৯)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক বিস্তার এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, আবিদ হাসান ওরফে আবুজারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবাদ আইনে ১০টির বেশি মামলা রয়েছে। দ্বীন ইসলাম ওরফে দীনুর বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। হাসিব হাওলাদারের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র প্রদর্শন, চুরি ও মারধরের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া মো. রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের মধ্যে দ্বীন ইসলাম ওরফে দীনুকে বটিয়াঘাটা থানায় এবং হাসিব হাওলাদার, আবিদ হাসান ওরফে আবুজার ও মো. রাসেলকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী


