“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে নানা আয়োজনে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬ এর কার্যক্রম।
রবিবার বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর এলাকায় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানায় এসে শেষ হয়।
এসময় ট্রাফিক অভিযানে ৫টি গাড়ি আটক করা হয়। এছাড়া ৩টি মোটরসাইকেল, ২টি পিকআপ, ৩টি সিএনজি অটোরিকশা ও ১টি কারসহ মোট ৯টি যানবাহনের বিরুদ্ধে অনলাইনে ২৫ হাজার টাকার মামলা দেওয়া হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়সহ থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দিনব্যাপী কর্মসূচির শেষে থানা ভবনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে সপ্তাহজুড়ে সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ টহল, জনসেবামূলক উদ্যোগ ও নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “পুলিশ সপ্তাহ শুধু আনুষ্ঠানিকতা নয়, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
পড়ুন : যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে বিজয়ী হবিগঞ্জের কৃতি সন্তান অলিউর রহমান শাহিন


