স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ বাহিনীকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই স্লোগান শুধু মুখে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং প্রতিটি কর্মকাণ্ডে এর বাস্তব প্রতিফলন থাকতে হবে। মানবাধিকার সমুন্নত রেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং ‘প্রিভেন্টিভ পুলিশিং’-এর ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপারেশনাল কার্যক্রম ও ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে পুলিশে বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে তদন্ত ও অপারেশনসহ পুলিশের সব কার্যক্রম রেকর্ড করার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তি ও সঠিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধ পূর্বানুমান এবং প্রতিরোধে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।
জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ নীতি অনুসরণে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, “আপনারা দক্ষ পেশাদার অফিসার। তবে মনে রাখতে হবে মানবাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” মানবাধিকার রক্ষা করে কৌশলে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রম পরিচালনার ওপর তিনি জোর দেন।
পড়ুন: জুলাইয়ের হত্যা মামলায় সাংবাদিক শাকিল-ফারজানা রুপার জামিন
আর/


