ব্রিটিশ টেলিভিশনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা টিভি অ্যাওয়ার্ডস)এ এবার সবচেয়ে বড় সাফল্য পেয়েছে অ্যাডোলেসেন্স। রোববার অনুষ্ঠিত এই আয়োজনে সিরিজটি চারটি পুরস্কার জিতে এক বছরে সর্বোচ্চ জয়ের নতুন রেকর্ড গড়েছে। অন্যদিকে দ্য সেলিব্রিটি ট্রেইটরস এবং লাস্ট ওয়ান লাফিং দুটি করে পুরস্কার অর্জন করেছে।
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ২০২৫ সালের মার্চে মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনায় উঠে আসে অ্যাডোলেসেন্স। দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়া এই সিরিজটি এবার সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে। একই সঙ্গে অভিনয়ের জন্য সম্মাননা পেয়েছেন সিরিজটির তারকা স্টিফেন গ্রাহাম, ওয়েন কুপার এবং ক্রিস্টিন ট্রেমারকো।
এ ছাড়া মাত্র ১৬ বছর বয়সে ওয়েন কুপার সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন। তিনিই এই বিভাগে সবচেয়ে কম বয়সী বিজয়ী। এর আগে একই চরিত্রে অভিনয়ের জন্য তিনি ইতোমধ্যে এমি, গোল্ডেন গ্লোব, ন্যাশনাল টেলিভিশন, রয়্যাল টেলিভিশন সোসাইটি ও অ্যাক্টর অ্যাওয়ার্ড জিতেছেন। সিরিজটিতে তিনি এমন এক কিশোরের চরিত্রে অভিনয় করেন, যে নিজের সহপাঠী এক মেয়েকে হত্যার অভিযোগে অভিযুক্ত।
পুরস্কার গ্রহণের সময় কুপার কিংবদন্তি ব্যান্ড দ্য বিটলসের সদস্য জন লেনন–এর উক্তি তুলে ধরে বলেন, ‘কল্পনা করার দৃষ্টিভঙ্গি না থাকলে কিছুই অর্জন করা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, সফল হতে হলে তিনটি জিনিস প্রয়োজন—একটি প্রবল আগ্রহ, একটি স্বপ্ন এবং বিটলস।
অন্যদিকে সিরিজটিতে কুপারের বাবার চরিত্রে অভিনয় করা স্টিফেন গ্রাহাম জিতেছেন সেরা প্রধান অভিনেতার পুরস্কার। এটি ছিল সাতবার মনোনয়ন পাওয়ার পর তার প্রথম বাফটা জয়। নিজের বক্তব্যে তিনি তরুণদের অভিনয়ে আসার জন্য উৎসাহ দেন এবং বলেন, অভিনয় মানুষের জীবনের গল্প বলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বক্তব্যের শেষেও তিনি বিটলসের জনপ্রিয় গান ‘অল ইউ নিড ইজ লাভ’-এর উল্লেখ করেন।
এদিকে ইরানে জন্ম নেওয়া অভিনেত্রী নার্গেস রাশিদি সেরা প্রধান অভিনেত্রীর পুরস্কার জিতেছেন প্রিজনার ৯৫১ এ নাজানিন জাগারি-র্যাটক্লিফের চরিত্রে অভিনয়ের জন্য। পুরস্কার গ্রহণের সময় তিনি নাজানিন ও তার পরিবারের সাহস ও ধৈর্যের প্রশংসা করেন এবং বলেন, তাদের সংগ্রাম তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
অন্যদিকে, কোড অব সাইলেন্স জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। এতে অভিনয় করেছেন রোজ অ্যাইলিং-এলিস, যিনি একজন শ্রবণপ্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করেন। চরিত্রটি ঠোঁট পড়ার দক্ষতা ব্যবহার করে পুলিশকে অপরাধ তদন্তে সহায়তা করে।
পড়ুন:‘সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না’
দেখুন:আঙুর চাষে তরুণ উদ্যোক্তার চমক
ইমি/


