চট্টগ্রামের হাটহাজারী উপজেলা জুড়ে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমে নতুন গতি এসেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় বাস্তবায়িত জনগুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ায় একদিনে ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আজ দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক কার্পেটিং, আরসিসি ঢালাই সড়ক, ড্রেন নির্মাণ, ব্রিজ ও জনসাধারণের চলাচল সহজীকরণে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ। স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, আগে কাঁচা ও ভাঙাচোরা সড়কের কারণে যেসব এলাকায় বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত দুর্বিষহ, সেখানে এখন উন্নত সড়ক নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। গ্রামীণ অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় স্থানীয় মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আল মুহিন, পৌর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা। এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন,“প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামীণ জনপদকে শহরের সুযোগ-সুবিধায় সাজিয়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এই ৮টি প্রকল্প বাস্তবায়নের ফলে হাটহাজারীবাসীর যাতায়াত কষ্ট লাঘব হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।”
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো শহর ও গ্রামের বৈষম্য কমিয়ে প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করা। হাটহাজারীতে শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা সম্প্রসারণে ভবিষ্যতেও আরও বড় প্রকল্প গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থার কারণে তারা নানা সমস্যার মুখোমুখি ছিলেন। নতুন প্রকল্প বাস্তবায়নের ফলে এখন যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হওয়ায় কৃষকরাও উপকৃত হবেন বলে মত দেন অনেকে।
উন্নয়ন কার্যক্রম ঘিরে পুরো হাটহাজারীতে এখন নতুন প্রত্যাশার আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, চলমান উন্নয়ন ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে হাটহাজারী আধুনিক ও পরিকল্পিত জনপদে রূপ নেবে।


