গাজীপুর মহানগরীর কাশিমপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যৌথ অভিযানে একটি বেকারিসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় অতিরিক্ত দামে অকটেন বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন।
অভিযান সূত্রে জানা যায়, ভবানীপুর এলাকায় অবস্থিত আলী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফাইজা এন্টারপ্রাইজকে অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে জমজম বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বেকারির উৎপাদন পরিবেশ পরিদর্শন করে ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ্য থেকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদনের নির্দেশনা দেন।
গাজীপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, “অভিযান চলাকালে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আলী এন্টারপ্রাইজ তাৎক্ষণিকভাবে জরিমানার ৪০ হাজার টাকা পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। পরবর্তীতে জরিমানার অর্থ পরিশোধ এবং বৈধ কাগজপত্র প্রদর্শনের পর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দোকানটি পুনরায় চালু করতে পারবে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এনএসআই ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


