নরসিংদী সদর উপজেলার সাহেবপ্রতাপ এলাকায় একটি মার্কেটে চাঁদাবাজিকে কেন্দ্র করে ব্যবসায়ী ও তার ছেলেকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) বিকেলে এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগটি করেন ভুক্তভোগী ইমন আহমেদ (২৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, সাহেবপ্রতাপ এলাকার ‘হাজী সুরুজ মিয়া মার্কেট’-এ স্থানীয় কালাম কসাই, জনি মিয়া, রবিন মিয়া, সফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ৭–৮ জন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। তারা মার্কেটের পাঁচটি দোকান থেকে প্রতি দোকানে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, নির্ধারিত সময় অনুযায়ী বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কামাল কসাইয়ের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটে প্রবেশ করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখায়। এ সময় মার্কেটের মালিকের বাবা বাধা দিলে তাকে গালিগালাজের পর লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। পরে তাকে বাঁচাতে গেলে ইমন আহমেদকেও মারধর করা হয়।
আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আর/


