টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজ ছাত্রের লাশ

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর রবিউল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত রবিউল হোসেন উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার পর পাশের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিউল। রাত ১১টার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে শনিবার বিকেলে ওই গ্রামের একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, ওরস মাহফিলে গান শোনাকে কেন্দ্র করে গেড়ামারা গ্রামের কয়েকজন ছেলের সঙ্গে রবিউলের মারামারির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে ওই ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রবিউলের বোনজামাই জহিরুল ইসলাম বলেন, রবিউল অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। কয়েক বছর আগে তাঁর বাবা মারা যান। তিন বোন ও মায়ের একমাত্র ভরসা ছিলেন তিনি। রবিউলের এমন মৃত্যুতে তাঁর মা ও তিন বোন প্রায় দিশেহারা হয়ে পড়েছেন। কী কারণে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্না নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ যুবক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন