বিজ্ঞাপন

রূপগঞ্জের কামারশালায় তৈরী হচ্ছে অবৈধ দেশীয় অস্ত্র ; অনলাইন প্রক্রিয়ায় কিশোর গ্যাংয়ের হাতে চায়না কুড়াল,চাপাতি ; জনমনে আতঙ্ক

পবিত্র ঈদ উল আযহার পশু কুরবানির আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে চায়না,জাপানিসহ নানা ধরনের ধারালো অস্ত্র। এই সুযোগে কিশোরগ্যাংসহ সন্ত্রাসী চক্রের হাতে অবাধে চলে যাচ্ছে ভয়ংকর সব অস্ত্র। এসব অস্ত্র ছিনতাই, চাঁদাবাজি,জমি দখল ও রাজনৈতিক আধিপত্যে অপরাধ কাজে ব্যবহার করায় জনমনে তৈরী হয়েছে আতঙ্ক। পাশাপাশি দেশীয় অস্ত্র তৈরী ও বিক্রি কম হওয়ায় পেশা ছাড়ার প্রভাব পড়েছে কামারশালায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের
দেইলপাড়া,কেয়ারিয়া, পিতলগঞ্জ,কাঞ্চন, ভোলাবো, দাউদপুর,মুড়াপাড়ায় এক সময় হাজারের অধিক পেশাজীবি কামারশিল্পে জড়িত থাকলেও সময়ের ব্যবধানে তা হাতেগণা কয়েকজনে নেমেছে। ঈদ উল আযহার পশু কুরবানি ঘিরে কামার পল্লীর টুংটাং শব্দ আর শুনা যায় না আগের মতো৷ কারন অনলাইন প্রয়োজনী গৃহস্থালি দা,বটি, ছুরি, চাপাতি ক্রয় করে ঘরে বসেই পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। তবে গৃহস্থালি দেশীয় অস্ত্র ক্রয়ে ঝুঁকে পড়েছেন কিশোরগ্যাং চক্রের সন্ত্রাসীরা। তারা চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি, চাকু সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ থেকে অর্ডার করে ঘরে বসেই পাচ্ছেন ভয়ংকর সব অস্ত্র। যা ছিনতাই, চুরি,ডাকাতির মতো অপকর্মে ব্যবহার করার রয়েছে অভিযোগ। খোঁদ কসাইরা বলছেন, অনলাইনে ক্রয় করা অস্ত্র দিয়ে পশু কুরবানির ও গোশত প্রস্তুত কাজে ব্যবহার হয় না৷ এমনকি এসব অস্ত্র চকচক করলেও নিন্মমানের৷

বিজ্ঞাপন

ভক্তবাড়ি এলাকায় মাংস বিক্রেতা আবুল হোসেন বলেন, কামারশালায় তৈরী চাপাতি, চাকু, বটি ছাড়া আমাদের গরু,খাসি জবাই করতে অন্য অস্ত্রের দরকার হয় না৷ অনলাইনে যেসব অস্ত্রের অর্ডার হয় তা কিশোরগ্যাং সন্ত্রাসী চক্রের নিরাপদ কৌশল। তারা ঘরে বসেই পেয়ে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত দেশীয় চকচকে অস্ত্র। যা দিয়ে সড়কে গাড়ী থামিয়ে ছিনতাই, ডাকাতি কাজে ব্যবহার করে থাকে৷ এ সময় তিনি বলেন, আমরা যারা মাংস বিক্রি করি। আমরা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেই। পরে উপজেলা সেনিটারি বিভাগ ও জেলা সিভিল সার্জনের দেয়া লাইসেন্স নেই। এসব সাথে থাকলে পশু জবাই কাজে ব্যবহৃত অস্ত্র বহন করা যায়৷ অন্যথায় আইনি প্রক্রিয়ায় সাজা ভোগ করতে হবে৷

উপজেলার মুড়াপাড়া বাজারে নন্দলালের কামারের দোকানে তৈরী হচ্ছিল ৩০ ইঞ্চির দৈর্ঘ্যের বেশ কয়েকটি ছোড়া৷ আইনমতে ১৮ ইঞ্চির বেশি দৈর্ঘ্যের দেশীয় অস্ত্র তৈরী ও বিক্রি অবৈধ। কিন্তু কতিপয় কামারশালায় বাজার ছাড়াও বাসায় আরও লম্বা আকারের সামুরাই, রামদা, কুড়াল তৈরী করে দেয় বলে অভিযোগ রয়েছে। যদিও কামাররা ক্যামেরার সামনে এমন অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবী, কয়লার দাম বেড়ে যাওয়া ও অনলাইনের প্রভাবে দিনে দিনে ঐতিহ্যের পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে।

কামার শিল্পে জড়িত গোপাল চন্দ বলেন, অনলাইনে অর্ডার দিলে ঘরে পৌঁছে দেয়া হয়৷ আর আমরা যারা বাজারে ব্যবসা করি,কখনো বেআইনি অস্ত্র তৈরী করতে পারিনা। তবে অনেকেই গোঁপনে বড় আকারের অবৈধ অস্ত্র তৈরী করে থাকে। অনেক সময় স্থানীয় সন্ত্রাসীরা বাধ্য করে এসব অস্ত্র তৈরী করে দিতে।

রূপগঞ্জ উপজেলা অঞ্চলে ৫ টির অধিক চিহ্নিত কিশোরগ্যাং সন্ত্রাসী চক্র সক্রিয়। তাদের দ্বারা সংঘটিত হচ্ছে মাদক বিক্রি, রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাব বিস্তার, মারামারি, জমি দখল,হোন্ডা মহড়া, মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতির মতো নানা অপরাধ ঘটানোর। তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্রের বেশিরভাগ ক্রয় হচ্ছে অনলাইনে। ফলে বিভিন্ন কুরিয়ার সার্ভিস, অনলাইন মালামাল পরিবহণ সংস্থাগুলোকে স্ক্যানিং ও নজরদারীসহ জননিরাপত্তায় টহল বাড়ানোসহ আইনি পদক্ষেপ নেয়ার কথা জানালেন উপজেলা প্রশাসন এবং রূপগঞ্জ থানা পুলিশ৷

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এইচ এম সালাহউদ্দিন বলেন, আমরা জননিরাপত্তায় পুলিশের টহল বাড়িয়ে দিচ্ছি। কামারশালাগুলোকেও নজরদারীর আঁওতায় আনবো।

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অনলাইনে অস্ত্র ক্রয় বিক্রয় উপজেলা প্রশাসনের নজরদারীর বাহিরে। এটা জাতীয় নিরাপত্তায় নিয়োজিতদের বিষয়। তবুও স্ক্যানিং পদ্ধতি তে সংশ্লিষ্ট কুরিয়ার কিংবা পরিবহন বিভাগে নজরদারী বাড়ালে বিদেশী অস্ত্র বিক্রি বন্ধ করা যাবে৷ তবে অনলাইন প্লাটফর্ম বৃহত্তর বিষয়।

কুরবানির ঈদ ব্যস্ততার আড়ালে দেশীয় অস্ত্রের ঝনঝনানি নতুন কিছু নয়। তবে অনলাইনে সহজে কিশোরগ্যাংয়ের হাতে অস্ত্র চলে যাওয়ায় উদ্বেগের। তাই অবিলম্বে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ তৎপর ও সজাগ থাকার আশ্বাস দিয়েছেন সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। তিনি বলেন, জেলা পুলিশ এখন থেকে কিশোরগ্যাংয়ের কাছে থাকা অস্ত্র উদ্ধারে চেষ্টা করবে৷ পাশাপাশি অনলাইনের বিষয়ে উর্ধতন মহলকে জানিয়ে তৎপর হবো।

কামার শিল্প বাঁচাতে আধুনিকায়ন যেমন জরুরি৷ তেমনি এ শিল্পের আড়ালে অবৈধ দেশীয় অস্ত্র তৈরী ও অনলাইনে অস্ত্র বিক্রি নিষিদ্ধের দাবী জানিয়েছেন সচেতন মহল।

পড়ুন:নরসিংদীতে মার্কেটে চাঁদাবাজি ও হামলায় মালিক-ছেলে আহত

দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন