আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির জন্য পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এবার কোরবানির জন্য প্রায় ১ কোটি পশু প্রস্তুত রয়েছে এবং সরকার বিদেশ থেকে কোনো পশু আমদানি করবে না।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে কোরবানির জন্য প্রয়োজনের তুলনায় বেশি পশু প্রস্তুত রয়েছে। গরু, ছাগল ও ভেড়াসহ সব ধরনের পশুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে চোরাচালানের মাধ্যমে পশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
কৃষি খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতিতে বিশ্বাসী। কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা কর্মসূচি চালু রয়েছে। কৃষির উন্নয়নে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার কাজ করছে।


