নোয়াখালীর কবিরহাট উপজেলায় আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মে) উপজেলার চাপরাশিরহাট বাজারস্থ মীম কমিউনিটি সেন্টারে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষজ্ঞরা জানান, বায়োপেস্টিসাইড ব্যবহারে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. শামস্ এ আরেফিন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, টেরিটোরি সেলস অফিসার মো. জোবাযের হোসেন এবং স্থানীয় ডিলার মো. রফিকুল ইসলাম।
দিনব্যাপী কর্মশালায় কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫৩ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। তারা ব্র্যাকের হাইব্রিড ধান ও বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালা কৃষকদের পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও উৎসাহিত করবে এবং ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন : নিরাপদ খাদ্য ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোনায় কম্পোস্ট তৈরি কর্মশালা


