প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে আস্থা হারিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এর আগে ব্রিটিশ সরকারের আবাসন ও কমিউনিটি বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলসহ আরও চার মন্ত্রীর রাজনৈতিক সহকারী পদত্যাগের ঘোষণা দেন।
বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্ট্রিটিং বলেন, ‘এটি এখন স্পষ্ট যে, আগামী সাধারণ নির্বাচনে আপনি (স্টারমার) লেবার পার্টির নেতৃত্ব দিতে পারবেন না।’ এর আগে তিনি প্রধানমন্ত্রী বরাবর চিঠি লেখেন।
স্টারমারের নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন উল্লেখ করে স্ট্রিটিং জানান, ক্ষমতাসীন দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। সেখানে সম্ভাব্য সেরা প্রার্থীরা অন্তর্ভুক্ত থাকতে পারেন।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন পদত্যাগ করা চারজন জুনিয়র মন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার জন্য লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি আহ্বান জানিয়েছেন। এই পদক্ষেপে স্টারমারের সংকট আরও ঘনীভূত হলো।
নিয়ম অনুযায়ী দলটির এমপিদের অন্তত ২০ শতাংশ কোনো বিকল্প প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দিলে বর্তমান নেতাকে চ্যালেঞ্জ করা যায়। তবে এর আগে স্টারমার তার মন্ত্রিসভাকে বলেছেন, এখনো সেই প্রক্রিয়া শুরু হয়নি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

