জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদক থেকে বাঁচতে হলে আপনার ছেলে-মেয়েকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সেখাতে হবে। আমাদের ছেলে-মেয়েদের ভালো জীবন গড়ে তুলতে হলে প্রতিদিন তাদেরকে ২ ঘন্টা করে বিভিন্ন খেলাধুলার সুযোগ দিবেন।
শুক্রবার (১৫ মে) সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বালক ও বালিকা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহরে বড় বড় আবাসিক ভবন নির্মাণ হলেও শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত খোলা জায়গা নেই। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। তাই জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে অন্তত একদিন খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি অভিভাবকদের সচেতন হতে হবে। একটি প্রজন্ম ইতোমধ্যে নেশার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তাদের সঠিক পথে ফিরিয়ে এনে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। তাহলেই দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে।”
মো. আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজরান রউফ, সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
পড়ুন: ২২ বছর পর আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আর/


