নেত্রকোনায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) জেলার মদন ও দুর্গাপুর উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।
মদন থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামে অভিযান চালায় পুলিশ। এসআই (নিঃ) ফয়সাল, এএসআই সাকিব, এএসআই হুমায়ুন কবীর ও কনস্টেবল মমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের এ অভিযানে মনিকা গ্রামের আসমা আক্তারের বাড়ির ছাদ থেকে হাতে-নাতে আটক করা হয় আনোয়ার হোসেনকে (৩৪)।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একশো পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার মনিকা নওদার গ্রামের মৃত রুক্তন মিয়ার ছেলে।
মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল (শনিবার) তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।”
এদিকে, নেত্রকোনায় মাদকবিরোধী অন্য একটি অভিযানে জুয়েল (৩০) নামে চিহ্নিত আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দুর্গাপুর থানা প্রশাসন নিশ্চিত করেছে, ভোর রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে পুলিশের একটি দল কাকৈরগড়ায় অভিযান চালায়। এ সময় জুয়েলের দেহ তল্লাশি করে আড়াইশো পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতের অভিযানে আড়াইশো পিস ইয়াবাসহ আটক জুয়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।”
পড়ুন : নেত্রকোনায় গৃহবধূকে ঘরে আটকে রেখে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা


