জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের প্রয়াত যুগ্ম আহ্বায়ক, সাবেক সহ-দপ্তর সম্পাদক ও জুলাইযোদ্ধা হাসিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে মরহুম হাসিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব শামসুল আরেফিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা হাসিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড এবং জুলাই-আগস্টের আন্দোলনে তার ভূমিকার কথা স্মরণ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আগামী দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, কাজী রফিকুল ইসলাম, রবিউল আওয়াল, মো. তৌহিদ চৌধুরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : বারহাট্টায় সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম, কাজ বন্ধ করল প্রশাসন


