কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে একই পরিবারের চার নারীসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।
শুক্রবার (১৫ মে) দুপুরে এলাকাবাসীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন— বকুলি বেগম (৩৮), কাকলি বেগম (৩২), চম্পা বেগম (২৫), বীথি বেগম (১৯) ও ধন মিয়া (৬৫)। আটক চার নারী সম্পর্কে তিন বোন ও মা-মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পঞ্চবটি পুকুরপাড় এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপুর নেতৃত্বে স্থানীয় যুবকরা মাদকবিরোধী অভিযান চালান। অভিযানের সময় বকুলি বেগমের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়। এছাড়া ধন মিয়ার ঘর থেকে চারটি ধারালো অস্ত্র ও প্রায় ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার হয়েছে বলেও জানান স্থানীয়রা।
খবর পেয়ে এসআই আল মোমেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেন। এ বিষয়ে এসআই আল মোমেন সাংবাদিকদের বলেন, “আসামিদের নাম-পরিচয় জানানো হয়েছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।”
স্থানীয়দের অভিযোগ, এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদকের নিরাপদ স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতে স্থানীয় তরুণ সমাজের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে পড়ছে।
অভিযান প্রসঙ্গে ওমর মোহাম্মদ অপু বলেন, “মাদকের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। যুব সমাজকে রক্ষায় আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছি। মাদক নির্মূলে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পড়ুন : কক্সবাজারে গুরুত্বপূর্ণ নথিসহ রোহিঙ্গা আটক, চার দেশের মুদ্রা জব্দ


