জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) শহরের ধানমন্ডি এলাকার পৌর কমিউনিটি সেন্টারে সকাল ১১টায় এ সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, অটোরিকশা শ্রমিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে জেলা পরিষদ সব সময় পাশে থাকবে। তিনি শ্রমিকদের সুশৃঙ্খলভাবে যান চলাচলের মাধ্যমে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে সংগঠনটির নির্বাচনের পর শ্রমিকদের উন্নয়নে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে তাদের দুই লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সংগঠনটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনির হোসেন ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, এ্যাডভোকেট আরাফাত হোসেন মুন প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা অটোরিকশা শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিটের কয়েকশ শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সাধারণ সভা শেষে সংগঠনের আগামী দিনের কর্মসূচি ও নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা করা হয়।
পড়ুন : সিরাজগঞ্জে এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান


