টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিধ্বংসী ব্যাটিংয়ে দারুণ এক বিশ্ব রেকর্ড গড়লেন ফাতিমা সানা। মাত্র ১৫ বলে ফিফটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির মালিক এখন পাকিস্তানের অধিনায়ক।
করাচিতে শুক্রবার জিম্বাবুয় নারী দলের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৯ বলে ৬২ রান করার পথে বিশ্ব রেকর্ডটি নিজের করে নেন সানা। ধুন্ধুমার ব্যাটিংয়ে ১০ চারের সঙ্গে ২টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত দিন দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল তিন জনের- সোফি ডিভাইন, ফিবি লিচফিল্ড ও রিচা ঘোষ। তারা তিন ব্যাটারই ভিন্ন ভিন্ন ম্যাচে ১৮ বলে ফিফটি করেছিলেন। সেই রেকর্ড এখন সানার দখলে।
এছাড়া মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতেও দ্রুততম ফিফটির মালিক হয়েছেন সানা। বল বাই বল তথ্য থাকা ম্যাচগুলোর মধ্যে আর কারও ১৫ বলের ফিফটির রেকর্ড নেই। ২০২২ সালে মেরি কেলি ও ২০২৫ সালে লরা হ্যারিস করেছিলেন ১৫ বলের ফিফটি।
পাকিস্তানি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক নিদা দারের। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন তিনি।
সানার বিশ্ব রেকর্ড গড়ার ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। সানার ১৯ বলে ৬২ রানের পাশাপাশি সাইরা জাবিন ৩২ বলে ৫০ রান করলে ২২৩ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
আগামী মাসে বিশ্বকাপের মঞ্চে নামার আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে তারা।
পড়ুন:মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই ভারত-আমিরাতের বড় প্রতিরক্ষা চুক্তি সই
দেখুন:মহাস্থানগড়ে সাধু সন্ন্যাসীদের মিলনমেলা, প্রকাশ্যে চলে ‘গাজা উৎসব
ইমি/


