কাতার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাশে দাঁড়িয়ে একজন বাংলাদেশি তরুণের সাফল্য দেখে গর্বে উদ্বেলিত হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
ড. হোসাইন নাইমুল হক কাতার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন। ৪ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে আমির শেখ তামিমের পাশে বিশেষ সম্মানের সঙ্গে দেখা যায়।
একই অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন বাংলাদেশী শিক্ষার্থী সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ড. হোসাইন নাইমুল হকসহ সব বাংলাদেশি গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়েছে।
দোহায় বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, “এই অসাধারণ অর্জন প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মেধা, একাগ্রতা ও অধ্যবসায়ের প্রতিফলন। আমরা তাদের ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য ও উন্নতি কামনা করি।”
ড. হোসাইন নাইমুল হকের এই সাফল্য কাতারে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে। প্রবাসী বাংলাদেশিরা এই অর্জনকে জাতির জন্য গৌরবের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।


