বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানচিত্রে আমরা যারা বসবাসকরি, সবাই বাঙ্গালি না। এই মানচিত্রের মধ্যে বসবাস করে বাঙ্গালি সবচেয়ে বড় জনগোষ্ঠি, তারপরে সাওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা অনেক জনগোষ্ঠি আছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিলো সব বাঙ্গালি হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিলো, সে অশান্তি এখনও বিরাজমান।
মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মত, বাংলাদেশ জাতীয়তাবাদ একটি বাগানের মত।
শনিবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ফেডারেশন আয়োজিত বৈচিত্রের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ আদিবাসী নেতারা।


