নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা একই পরিবারের চারজনের লাশ পাশাপাশি কবরে একসঙ্গে দাফন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কালামের স্ত্রী ও তিন সন্তানকে একসঙ্গে দাফন করা হয়। এর আগে গত মঙ্গলবার একই কবরস্থানে কালামকে দাফন করা হয়েছে।
স্বজনেরা জানান, ১০ মে ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকায় একটি নয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোরে চুলা কিংবা লাইটার জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। ওই ফ্ল্যাটে স্ত্রী ও তিন সন্তান নিয়ে ভাড়া থাকতেন কালাম। তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়। বিস্ফোরণে কালাম, তাঁর স্ত্রী সায়মা, ছেলে মুন্না এবং দুই মেয়ে মুন্নি ও কথা দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার সকালে কালাম মারা যান। বুধবার সন্ধ্যায় তাঁর মেয়ে কথা মারা যায়। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তাঁর ছেলে মুন্না ও দুপুরে মেয়ে মুন্নি মারা যায়। সর্বশেষ শুক্রবার সকাল পৌনে নয়টায় মারা যান স্ত্রী সায়মা।
আজ শনিবার বেলা ১১টার দিকে দেখা গেছে, একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় শোকগ্রস্ত উত্তর কনকদিয়া গ্রামের মানুষ। কালামের বাড়ির পুকুরের পূর্ব পাশে পাশাপাশি পাঁচটি কবর। প্রথম কবরটিতে গত মঙ্গলবার রাতে কালামকে, তাঁর বাঁ পাশের কবরে আজ শনিবার স্ত্রী সায়মা ও তাঁর পাশে ছেলে মুন্নাকে দাফন করা হয়েছে। কালামের অপর পাশে দুই মেয়ে মুন্নি ও কথাকে দাফন করা হচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

