ঢাকার ধামরাইয়ে পোশাকশ্রমিকবাহী দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বারবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্বপ্ন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। জানা গেছে, স্বপ্ন পরিবহনের বাসটিতে ধামরাইয়ের গ্রাফিক্স কারখানার শ্রমিকরা ছিলেন।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল আমিন খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্বপ্ন পরিবহনের চালক বাসের ভেতরে আটকা পড়লে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।


