বিজ্ঞাপন

পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে ডেপুটি স্পিকার, রোগীদের সাথে সরাসরি কথা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে তিনি কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালটিতে উপস্থিত হন এবং সামগ্রিক চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন।

আকস্মিক পরিদর্শনের সময় ডেপুটি স্পিকার হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর), অন্তর্বিভাগ (ইনডোর), জরুরি বিভাগ, ডেন্টাল ইউনিট ও প্যাথলজি ল্যাবসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। একই সাথে রোগীরা সরকারি ওষুধ ঠিকমতো পাচ্ছেন কি না এবং কর্তব্যরত চিকিৎসকদের কোনো গাফিলতি আছে কি না, তা রোগীদের কাছে সরাসরি জানতে চান।

পরিদর্শনকালে হাসপাতালের যন্ত্রপাতির সঠিক ব্যবহার না করাসহ বেশ কিছু সীমাবদ্ধতা ও অচল যন্ত্রপাতি ডেপুটি স্পিকারের নজরে আসে।

হাসপাতালের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন ডেপুটি স্পিকারকে জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের এক্স-রে মেশিনটি অচল হয়ে রয়েছে এবং একজন মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) পদের সংকটের কারণে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও, বিগত দুই বছর ধরে হাসপাতালের সিজারিয়ান (অপারেশন) কার্যক্রম বন্ধ রয়েছে। এর পাশাপাশি, ২০১৮ সালে ইউনিসেফ থেকে প্রাপ্ত হাসপাতালের সোলার পাওয়ার সিস্টেমটির ইনভার্টার ও ব্যাটারিতে ত্রুটি থাকায় তা বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে।

সমস্যাগুলো শোনার পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে সোলার সিস্টেমটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি আশ্বাস দেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বরাদ্দ নিশ্চিত করে ব্যাটারি ও ইনভার্টার পরিবর্তন করে সোলার ব্যবস্থাটি সচল করা হবে। একই সাথে সিজারিয়ান সেকশন চালু ও এক্স-রে মেশিন সচল করতে প্রয়োজনীয় জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।

হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও জোরদার করার তাগিদ দিয়ে ডেপুটি স্পিকার বলেন, “সরকারি হাসপাতালে সাধারণ ও প্রান্তিক মানুষ চিকিৎসা নিতে আসেন। রোগীরা যেন যথাসময়ে মানসম্মত চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ পান, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।”

পরিদর্শনকালে ডেপুটি স্পিকারের সাথে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে নিষিদ্ধ সংগঠনের পোস্টারিংয়ের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন